সারাদেশ

লাঙ্গলবন্দ সেতুতে সংস্কার কাজ: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৯ কিমি যানজট চরম ভোগান্তি

প্রিন্ট
লাঙ্গলবন্দ সেতুতে সংস্কার কাজ: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৯ কিমি যানজট চরম ভোগান্তি

প্রকাশিত : ২ মার্চ ২০২৬, রাত ১০:৩৪


ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দ সেতুতে সংস্কার কাজের কারণে সোমবার (২ মার্চ) দিনভর দীর্ঘ ১৯ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সেতুর ক্ষতিগ্রস্ত অংশে ঢালাই কাজের জন্য এক লেন দিয়ে যানবাহন চলাচল করায় ভোর থেকেই ধীরগতি তৈরি হয়, যা বিকেল গড়িয়ে সন্ধ্যা পর্যন্ত অব্যাহত ছিল।

সরেজমিনে দেখা যায়, লাঙ্গলবন্দ সেতু থেকে মুন্সীগঞ্জের গজারিয়া হয়ে মায়ামি ডাইন পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারি। দীর্ঘ সময় যানজটে আটকে থেকে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রী ও চালকরা। চট্টগ্রাম থেকে ঢাকাগামী কাভার্ডভ্যান চালক সেলিম হোসেন জানান, ভোরে রওনা দিলেও বিকেল পর্যন্ত তিনি সোনারগাঁ অংশ পার হতে পারেননি। দীর্ঘ সময় বাসে আটকে থেকে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নারী ও শিশুরা।

যাত্রীদের অভিযোগ, সংস্কার কাজের বিষয়ে আগাম সতর্কবার্তা থাকলে বিকল্প ব্যবস্থা নেওয়া যেত। ভুক্তভোগী যাত্রী মাহবুব আলম বলেন, মেঘনা ব্রিজ পার হতে যেখানে ১০ মিনিট লাগে, আজ সেখানে তিন ঘণ্টা সময় লেগেছে।

কাঁচপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক শ্রী কৃষ্ণপদ জানান, সেতুর ক্ষতিগ্রস্ত অংশে জরুরি ভিত্তিতে ঢালাই কাজ চলায় নিরাপত্তার স্বার্থে ঢাকামুখী লেনের একটি অংশ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তিনি আরও বলেন, হাইওয়ে পুলিশের টিম মাঠে কাজ করছে। অতিরিক্ত সদস্য মোতায়েন করে যানবাহন ধাপে ধাপে ছাড়ার চেষ্টা চলছে। আশা করছি, রাতের মধ্যেই কাজ শেষ হলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।