সারাদেশ

রাজনৈতিক ছত্রছায়ায় অবৈধভাবে ধলেশ্বরী নদী থেকে মাটি তোলা হচ্ছে : এমপি আল আমিন

প্রিন্ট
রাজনৈতিক ছত্রছায়ায় অবৈধভাবে ধলেশ্বরী নদী  থেকে মাটি তোলা হচ্ছে : এমপি আল আমিন

প্রকাশিত : ২ মার্চ ২০২৬, রাত ১০:৫০



ধলেশ্বরী নদীতে অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি উত্তোলন চলছিল দীর্ঘদিন ধরেই। নদী তীরের আশপাশের গ্রামবাসীদের আর্তনাদ প্রশাসনের কান পর্যন্ত পৌছাতোনা। অবশেষে এ বিষয়ে জোরালো পদক্ষেপ নিলেন নবনির্বাচিত নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন।

তিনি বলেছেন, জলাবদ্ধতা নিরসন ও মাদক নির্মূলে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। পাশাপাশি রাজনৈতিক ছত্রছায়ায় ধলেশ্বরী নদী থেকে অবৈধ ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে নৌপুলিশ, উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন । সোমবার (২ মার্চ) দুপুরে সদর উপজেলার বক্তাবলী-মধ্যনগর ব্রিজ উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।

এমপি আল আমিন বলেন, নির্বাচনের আগেই এই সেতুর কাজ শুরু হয়েছিল। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল চলাচলের উপযোগী সড়কসহ সেতু চালু করা। সেতু থাকলেও সংযোগ সড়ক না থাকায় দীর্ঘদিন ধরে এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটছিল। কয়েকজন প্রাণও হারিয়েছেন। 

পরে জাতীয় নাগরিক পার্টি ও জামায়াতের পক্ষ থেকে প্রশাসনের কাছে বিষয়টি জানানো হয়। সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়ে দ্রুত কাজ শেষ করে সেতুর উদ্বোধন করা সম্ভব হয়েছে। এ জন্য উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

তিনি আরও বলেন, উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সব দপ্তর যদি সমন্বিতভাবে কাজ করে এবং নাগরিকরা নিজেদের দাবি ও অধিকার বিষয়ে সচেতন থাকে, তাহলে উন্নয়ন কাজগুলো সুন্দরভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে।

ধলেশ্বরী নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে আল আমিন বলেন, রাজনৈতিক ছত্রছায়ায় অবৈধ ড্রেজার তৈরি করে নদী থেকে মাটি তোলা হচ্ছে। এতে নদীর পরিবেশ ও নাব্যতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ বিষয়ে নৌপুলিশ, উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত ব্যবস্থা নিতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন, সদর উপজেলা প্রকৌশলী ইয়াছির আরাফাত রুবেলসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।