স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকার পারিজাত মার্কেটের সামনে নারায়ণগঞ্জ চিশতিয়া বাউল সমিতি নামে একটি আস্তানা গড়ে তুলেছেন ইমরান দেওয়ান। অভিযোগ রয়েছে, রমজান মাসেও রাত ১০টার পর সেখানে নারী শিল্পীদের দিয়ে কুরুচিপূর্ণ অঙ্গভঙ্গিতে গানের আসর বসানো হয়। এসব আসরে প্রকাশ্যে মাদক সেবন ও অপরাধীদের আনাগোনা বেড়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।
সম্প্রতি পুলিশ ওই আস্তানায় অভিযান চালিয়ে গান-বাজনার যন্ত্রপাতি জব্দ করে। পরবর্তীতে ভবিষ্যতে আর গান চালাবে না মর্মে থানায় লিখিত মোচলেকা দিয়ে ইমরান দেওয়ান তার যন্ত্রপাতি ছাড়িয়ে আনেন। তবে আস্তানায় ফিরেই তিনি পুনরায় একই কর্মকাণ্ড শুরু করেন বলে স্থানীয়দের অভিযোগ।
এসব অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদ ও সংবাদ প্রকাশের উদ্যোগ নেওয়ায় সাংবাদিক মনির হোসেন মৃধাকে টার্গেট করেন ইমরান দেওয়ান। জিডি সূত্রে জানা যায়, গত ২৫ ফেব্রুয়ারি রাতে ইমরান তার ব্যক্তিগত মোবাইল নম্বর থেকে সাংবাদিক মনিরকে ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে তাকে প্রাণনাশ ও লাশ গুম করার হুমকি দেওয়া হয়।
এ বিষয়ে অভিযুক্ত ইমরান দেওয়ান অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। রমজানে গান বাজনা নিষেধ হলে অন্য ক্লাবগুলো কেন চলে
তবে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারীক বলেন, অবৈধভাবে বাউল ক্লাব পরিচালনা ও গান-বাজনা বন্ধ করে দেওয়া হয়েছে। অনুমতি ছাড়া এসব চালালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সাংবাদিককে হুমকির বিষয়ে একটি জিডি হয়েছে, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া সাইনবোর্ড, সানারপাড় ও শিমরাইল এলাকায় একই ধরনের আরও কয়েকটি আস্তানা সক্রিয় রয়েছে বলে স্থানীয়রা দাবি করেছেন, যা নিয়ন্ত্রণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
মতামত