মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে মোগরাপাড়া চৌরাস্তা এলাকা স্বশরীরে পরিদর্শনে যান এমপি মান্নান। এসময় তিনি দেখতে পান, সরকারি জায়গা দখল করে অবৈধ বাস স্ট্যান্ড, কাঁচাবাজার ও অসংখ্য অস্থায়ী দোকান গড়ে তোলা হয়েছে। এসব অবৈধ স্থাপনার কারণে মহাসড়ক ও সংযোগ সড়কগুলোতে প্রতিনিয়ত দীর্ঘ যানজট সৃষ্টি হচ্ছে, যা জনভোগান্তিকে চরমে পৌঁছে দিয়েছে।
পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের এমপি আজহারুল ইসলাম মান্নান বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়েছি, তাদের দুর্ভোগ লাঘব করাই আমার প্রথম কাজ। ঈদকে সামনে রেখে মানুষের চলাচলে কোনো প্রতিবন্ধকতা সহ্য করা হবে না। আমি নিজে উপস্থিত থেকে এই উচ্ছেদ কার্যক্রম তদারকি করব।
তিনি আরও অভিযোগ করেন, কিছু অসাধু চক্র সাধারণ ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ আদায় করে সড়ক দখলের সুযোগ করে দিচ্ছে। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধেও কঠোর আইনি ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ দেন তিনি।
সংসদ সদস্যের নির্দেশের পর উপজেলা প্রশাসন, সড়ক ও জনপথ (সওজ) বিভাগ এবং থানা পুলিশের সমন্বয়ে উচ্ছেদ অভিযানের প্রস্তুতি শুরু হয়েছে। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত, সওজের নির্বাহী প্রকৌশলী আব্দুর রাহিম এবং সোনারগাঁ থানার ওসি মহিবুল্লাহসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
মতামত