সারাদেশ

বন্দরে সৌদি প্রবাসী পরিবারে আতঙ্ক: প্রশাসনের দ্বারে দ্বারে ভুক্তভোগীরা

প্রিন্ট
বন্দরে সৌদি প্রবাসী পরিবারে আতঙ্ক: প্রশাসনের দ্বারে দ্বারে ভুক্তভোগীরা

প্রকাশিত : ৪ মার্চ ২০২৬, রাত ১১:২৪


নারায়ণগঞ্জের বন্দরে দুষ্কৃতিকারীদের হুমকির মুখে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে একটি প্রবাসী পরিবার। দফায় দফায় পুলিশ ও প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও প্রতিকার না মেলায় উল্টো প্রাণনাশের হুমকির মুখে পড়েছেন তারা। এ ঘটনায় ভুক্তভোগী নারী মাসুদা বেগম বন্দর থানা ও জেলা পুলিশ সুপারের কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, মাসুদা বেগমের ছেলে মাসুদ সৌদি আরব প্রবাসী। প্রবাসে পরিচিত কয়েকজনের কাজের ব্যবস্থা করে দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় জীবন, বজলু ও শাহিনসহ অজ্ঞাত আরও ৭-৮ জনের সঙ্গে বিরোধ তৈরি হয়। এর জেরে গত ১০ মাস ধরে দেশে থাকা মাসুদের পরিবারকে নানাভাবে হয়রানি করা হচ্ছে।

ভুক্তভোগী মাসুদা বেগম জানান, থানায় অভিযোগ দেওয়ার পর থেকে অভিযুক্তরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। তারা বাড়ি ঘেরাও করে অশালীন মন্তব্য করা এবং অভিযোগ তুলে না নিলে হত্যার পর লাশ গুম করার হুমকি দিচ্ছে। নিরাপত্তাহীনতার কারণে তার মেয়ে ইতিমধ্যে বাসা ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছেন। এমনকি বাড়ি বিক্রি করতে চাইলেও ক্রেতাদের ভয়ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

স্থানীয়দের মতে, অভিযুক্তরা ব্যক্তিগত ফায়দা লুটতে এবং অতিরিক্ত সুবিধা আদায় করতেই একটি নিরীহ পরিবারের জীবন বিষিয়ে তুলছে। বর্তমানে চরম আতঙ্কে দিন কাটানো এই পরিবারটি স্বাভাবিক জীবনে ফিরতে এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে।