সারাদেশ

বন্দরে বিদেশযাত্রীকে পিটিয়ে সর্বস্ব লুট

প্রিন্ট
বন্দরে বিদেশযাত্রীকে পিটিয়ে সর্বস্ব লুট

প্রকাশিত : ৩১ জুলাই ২০২৬, রাত ১১:০৬

নারায়ণগঞ্জের বন্দরে এক সৌদিপ্রবাসীকে অস্ত্রের মুখে জিম্মি করে পিটিয়ে সর্বস্ব লুটে নিয়েছে ছিনতাইকারীরা। এতে তার সৌদি আরব গমনের পাসপোর্ট, এয়ার টিকিট, নগদ টাকা ও মুঠোফোনসহ সব মালামাল ছিনিয়ে নেওয়া হয়। এ ঘটনায় শুক্রবার (৩১ জুলাই) দুপুরে ক্ষতিগ্রস্ত বিদেশযাত্রী রকিবুল হাসান তারেক বাদী হয়ে অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এর আগে গত বৃহস্পতিবার ৩০ জুলাই ভোর সোয়া ৪টায় উপজেলার পশ্চিম হাজীপুর জামে মসজিদের সামনে এ ছিনতাইয়ের ঘটনাটি ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, পশ্চিম হাজীপুর এলাকার বাসিন্দা রকিবুল হাসান তারেক ছুটিতে দেশে এসে পুনরায় সৌদি আরব যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। মসজিদের সামনে ভাড়া করা গাড়ির জন্য অপেক্ষাকালে মোটরসাইকেলে আসা তিন ছিনতাইকারী আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রের মুখে তারেক ও তার স্বজনদের জিম্মি করে। একপর্যায়ে তাদের মারধর করে পাসপোর্ট, বিমান টিকিট, ৯০০ সৌদি রিয়াল, নগদ আড়াই হাজার টাকা, একটি নাকফুল এবং ৩টি অ্যান্ড্রয়েড মুঠোফোনসহ মালামাল ভর্তি ট্রাভেল ব্যাগ ছিনিয়ে নিয়ে চম্পট দেয়।

এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, ঘটনাটির তদন্ত চলছে। লুন্ঠিত মালামাল উদ্ধার ও ছিনতাইকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।