সারাদেশ

সোনারগাঁয়ে দোকান ভাড়ার চুক্তি করে ভবন দখলের চেষ্টার অভিযোগ

প্রিন্ট
সোনারগাঁয়ে দোকান ভাড়ার চুক্তি করে ভবন দখলের চেষ্টার অভিযোগ

প্রকাশিত : ৩১ জুলাই ২০২৬, রাত ১০:২৯

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রেস্টুরেন্ট চালুর কথা বলে দোকান ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে ভাড়া পরিশোধ না করে ভবন দখলের চেষ্টার অভিযোগ উঠেছে এক দল ব্যবসায়ীর বিরুদ্ধে। এ ঘটনায় বকেয়া ভাড়া ও দোকান ফেরত চেয়ে এবং নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী দোকান মালিক মাজহারুল ইসলাম।

অভিযোগ সূত্রে জানা যায়, সোনারগাঁওয়ের মোগরাপাড়া চৌরাস্তা এলাকার ‘আল-মদিনা শপিংমলের ৩য় তলায় ভুক্তভোগীর ২৫০০ বর্গফুটের একটি দোকান রয়েছে। ২০২০ সালের ১ জানুয়ারি মাসিক ৩৭ হাজার ৫০০ টাকা ভাড়ায় মোঃ মনিরুল ইসলাম, আলেয়া বেগম, ফারহানা বেগম, মাহিন লায়লা নিপা ও লুতফুন নাহার সুমির কাছে দোকানটি ভাড়া দেয়া হয়। পরবর্তীতে সেখানে ‘কলাপাতা বার্গার’ নামের একটি রেস্টুরেন্ট চালু করেন তারা।

চুক্তি অনুযায়ী নিয়মিত ভাড়া ও চতুর্থ বছর থেকে নির্ধারিত হারে বাড়তি ভাড়া পরিশোধের কথা থাকলেও বিবাদীরা তা অমান্য করেন। ভুক্তভোগীর দাবি, বর্তমানে সার্ভিস চার্জসহ বিবাদীদের কাছে তার বকেয়া ভাড়ার পরিমাণ দাঁড়িয়েছে ১০ লাখ ৫৫ হাজার টাকা। বকেয়া টাকা পরিশোধ ও দোকান ছেড়ে দেয়ার জন্য স্থানীয় সালিশি বৈঠক এবং আদালতের মাধ্যমে নোটিশ দেয়া হলেও তারা দোকান ছাড়ছেন না উল্টো দোকান মালিকের ম্যানেজারকে মিথ্যা মামলা ও হয়রানির হুমকি দিচ্ছেন।

এ বিষয়ে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানান, এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।