সারাদেশ

সিদ্ধিরগঞ্জে সংখ্যালঘু পরিবারকে উচ্ছেদের অপচেষ্টা: এলাকায় টানটান উত্তেজনা

প্রিন্ট
সিদ্ধিরগঞ্জে সংখ্যালঘু পরিবারকে উচ্ছেদের অপচেষ্টা: এলাকায় টানটান উত্তেজনা

প্রকাশিত : ৪ মার্চ ২০২৬, রাত ১১:৫৩

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ৫নং ওয়ার্ডের ওমরপুর পাথুরিয়াপাড়া এলাকায় একটি হিন্দু পরিবারকে বসতভিটা থেকে উৎখাতের অপচেষ্টার অভিযোগ উঠেছে। দীর্ঘ ৫৫ বছর ধরে বসবাস করে আসা ওই পরিবারটিকে হুমকি-ধামকি ও শারীরিক লাঞ্ছনার ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

ভুক্তভোগী গণেশ চন্দ্র শীল জানান, মহান মুক্তিযুদ্ধের সময় তাদের পৈত্রিক বাড়ি পুড়িয়ে দেওয়ার পর মুক্তিবাহিনীর সদস্যরা রিফিউজি কমিউনিটির এই জায়গায় তাদের বসবাসের ব্যবস্থা করে দেন। উত্তরাধিকার সূত্রে দীর্ঘ সময় এখানে বসবাস করে তারা নিয়মিত গ্যাস, বিদ্যুৎ বিল ও কর পরিশোধ করে আসছেন। কিন্তু গত কয়েক বছর ধরে স্থানীয় রুবেল, রুবি ও ডাকাত নুরুসহ একটি চক্র তাদের উচ্ছেদের পাঁয়তারা করছে।

অভিযোগে জানা যায়, গত মঙ্গলবার সকালে গণেশ চন্দ্র তার জমিতে নির্মাণ কাজ করতে গেলে অভিযুক্তরা দলবল নিয়ে তাতে বাধা দেয় এবং নির্মাণাধীন দেয়াল ভেঙে ফেলে। বাধা দিলে ওই পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়ে এলাকা ছেড়ে চলে যেতে বলা হয়। এমনকি মঙ্গলবার দিবাগত রাতেও ওই বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ ও লাঠি দিয়ে আঘাত করে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে বলে দাবি করেন ভুক্তভোগীরা।

এ ঘটনার প্রতিবাদ করায় স্থানীয় সমাজকর্মী আব্দুল মান্নান মনাকেও লাঞ্ছিত ও অপদস্থ করেছে অভিযুক্তরা। বর্তমানে ওই পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। উভয় পক্ষকে স্থিতিশীল অবস্থায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কেউ আইন হাতে তুলে নিয়ে পরিবেশ বিনষ্ট করলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি নিয়ে স্থানীয় ভূমি অফিসও কাজ করছে বলে তিনি জানান।