স্থানীয় সূত্রে জানা গেছে, রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও বিকেল ৩টার দিকে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এনামুল হক হিরোকের নেতৃত্বে ১০-১২ জন নেতাকর্মী কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন। এ সময় জেলা যুব মহিলা লীগের নেত্রী সোনিয়া সুলতানা ও স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
নেতাকর্মীরা চলে যাওয়ার প্রায় এক ঘণ্টা পর একদল উত্তেজিত যুবক সেখানে এসে কার্যালয়ে হামলা চালায়। তারা আসবাবপত্র ভাঙচুর করে এবং অগ্নিসংযোগ করে। এতে উত্তোলিত উভয় পতাকাই পুড়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান তিনজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বর্তমানে দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ। আইন অমান্য করে কেউ রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার চেষ্টা করলে এবং জননিরাপত্তা বিঘ্নিত করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
মতামত