নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নে এক মাদকাসক্ত জামাতার নেতৃত্বে শ্বশুরবাড়িতে দফায় দফায় হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৫ মার্চ) এ ঘটনা ঘটে। এতে একই পরিবারের বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।
ঘটনার সূত্রপাত ভুক্তভোগী সালেহা বেগম জানান, তার মেয়ে খুকি বেগমের স্বামী জয়নাল একজন মাদকাসক্ত। প্রায় এক বছর আগে তাকে একটি মোটরসাইকেল কিনে দেওয়া হলেও সম্প্রতি তিনি সেটি নামমাত্র মূল্যে বন্ধক রাখেন। এ নিয়ে কথা বলায় জয়নাল তার স্ত্রী ও শ্যালককে মারধর করেন।
হামলা ও লুটপাটের বিবরণ লিখিত অভিযোগ অনুযায়ী, জয়নাল তার ২০-২১ জন সহযোগী নিয়ে দেশীয় অস্ত্রসহ প্রথমে সালেহা বেগমের ছোট ভাই সেলিমের বাড়িতে হামলা চালায়। এসময় সেলিমকে কুপিয়ে আহত করা হয় এবং তার দোকান থেকে মালামাল লুট করা হয়। পরবর্তীতে রাত ১০টার দিকে তারা সালেহা বেগমের বসতবাড়িতে ঢুকে নারী ও শিশুদের মারধর করে এবং নগদ ৫ লাখ টাকা ও স্বর্ণালঙ্কারসহ কয়েক লাখ টাকার মালামাল লুট করে।
অগ্নিসংযোগ ও হুমকি সংবাদ সম্মেলনে সালেহা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন,
লুটপাট শেষে জয়নাল ও শফিকুল পেট্রোল ঢেলে আমাদের বসতবাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। তারা আমাদের সপরিবারে হত্যার হুমকি দিচ্ছে।
আইনি পদক্ষেপ এ ঘটনায় সোনারগাঁ থানায় ২১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহ জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
ভুক্তভোগী পরিবারটি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে এবং প্রশাসনের কাছে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
মতামত