সারাদেশ

ঠাকুরগাঁওয়ে বৃদ্ধার জমি দখলের অভিযোগ

প্রিন্ট
ঠাকুরগাঁওয়ে বৃদ্ধার জমি দখলের অভিযোগ

প্রকাশিত : ১৬ আগস্ট ২০২৬, সন্ধ্যা ৭:৩৮

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় আশি বছর বয়সী সুশিলা রাণীর জমি দখল ও নির্যাতনের অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে স্বামীর রেখে যাওয়া ভিটেমাটি নিয়ে বিরোধের কারণে তিনি শান্তিতে বসবাস করতে পারছেন না বলে অভিযোগ পরিবারের।

সুশিলা রাণীর মেয়ে শোভা রাণী সরকারের অভিযোগ, জমি নিয়ে বিরোধের জেরে তার মাকে একাধিকবার মারধর করে রক্তাক্ত করা হয়েছে। স্থানীয়ভাবে কয়েকবার বিচার-সালিশ হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি। রাজনৈতিক পটপরিবর্তনের পরও পরিস্থিতির পরিবর্তন হয়নি বলে দাবি করেন তিনি।

পরিবারের অভিযোগ, আগে স্থানীয় আওয়ামী লীগের এক নেতার আশ্রয়ে সুশিলার দূরসম্পর্কের ভাসতে বিকাশ চন্দ্র সরকার প্রভাব বিস্তার করতেন। বর্তমানে তার বিরুদ্ধে রুহিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল জব্বার মাস্টারের সহযোগিতার অভিযোগ উঠেছে।

তবে অভিযোগ অস্বীকার করে আব্দুল জব্বার মাস্টার বলেন, জমি নিয়ে তাদের নিজেদের বিরোধে তাকে জড়ানো হচ্ছে। বিষয়টি আদালতের মাধ্যমে নিষ্পত্তি হওয়া উচিত।

ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী বলেন, লিখিত অভিযোগ পেলে বিষয়টি যাচাই করে সত্যতা পাওয়া গেলে দলীয়ভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে নিজের ভিটেমাটিতে শান্তিতে বসবাসের সুযোগ ও ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন সুশিলা রাণী। স্থানীয়রাও বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।