সারাদেশ

পাবনা পৌরসভা নির্বাচন: মেয়র পদে জামায়াত সমর্থিত প্রার্থী প্রিন্সিপাল আব্দুল গাফফার

প্রিন্ট
পাবনা পৌরসভা নির্বাচন: মেয়র পদে জামায়াত সমর্থিত প্রার্থী প্রিন্সিপাল আব্দুল গাফফার

প্রকাশিত : ৭ মার্চ ২০২৬, রাত ১১:১২

আসন্ন পাবনা পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়তে জেলা জামায়াতের সেক্রেটারি ও পদ্মা কলেজের প্রিন্সিপাল মাওলানা আব্দুল গাফফারকে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করেছে পাবনা জেলা জামায়াত। দীর্ঘ ৪০ বছরের রাজনৈতিক ক্যারিয়ারে ক্লিন ইমেজের নেতা হিসেবে পরিচিত এই শিক্ষাবিদকে ঘিরে স্থানীয় ভোটার ও তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে।

দলীয় সূত্রে জানা যায়, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক কারণে টানা ১৭ বছর বিভিন্ন সময় কারাবরণ ও নির্যাতনের শিকার হয়েছেন মাওলানা আব্দুল গাফফার। এলাকায় একজন মিষ্টভাষী ও ন্যায়পরায়ণ ব্যক্তি হিসেবে তার পরিচিতি রয়েছে। তার বিরুদ্ধে দুর্নীতি, চাঁদাবাজি বা কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ নেই বলে দাবি করেছেন স্থানীয় নেতা-কর্মীরা।

পৌরসভার সাধারণ ভোটারদের মতে, তারা একজন সৎ, শিক্ষিত ও মানবিক জনপ্রতিনিধি খুঁজছেন। দীর্ঘদিন ধরে মানুষের সেবায় নিয়োজিত থাকায় আব্দুল গাফফারকে ঘিরেই স্বপ্ন দেখছেন পৌরবাসী। দলমত নির্বিশেষে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী বলে জানা গেছে।