সারাদেশ

সাঁথিয়ায় দুর্বৃত্তদের বিষ প্রয়োগে কৃষকের ৬ বিঘা পেঁয়াজ নষ্ট

প্রিন্ট
সাঁথিয়ায় দুর্বৃত্তদের বিষ প্রয়োগে কৃষকের ৬ বিঘা পেঁয়াজ নষ্ট

প্রকাশিত : ৭ মার্চ ২০২৬, রাত ১১:৩০

পাবনার সাঁথিয়া উপজেলায় রাতের অন্ধকারে বিষ প্রয়োগ করে এক কৃষকের ৬ বিঘা জমির পেঁয়াজ নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (৬ মার্চ) দিবাগত রাতে উপজেলার গৌরিগ্রাম ইউনিয়নের চর-পাকুরিয়া গ্রামে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত কৃষক হেলাল উদ্দিন জানান, ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়ে তিনি হালি পেঁয়াজের চাষ করেছিলেন। আগামী ১৫-২০ দিনের মধ্যেই ফসল ঘরে তোলার কথা ছিল। কিন্তু রাতের আঁধারে কে বা কারা পুরো জমিতে বিষ প্রয়োগ করায় সব পেঁয়াজ গাছ মরে পচে যাচ্ছে। এতে তার কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

স্থানীয়রা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি তুলেছেন।

সাঁথিয়া উপজেলা কৃষি অফিসার মাহমুদুল হাসান বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা ভুক্তভোগী কৃষককে প্রয়োজনীয় কারিগরি সহায়তার পাশাপাশি সরকারি কৃষি প্রণোদনা দেওয়ার ব্যবস্থা করব, যাতে তিনি এই ক্ষতি কাটিয়ে পুনরায় চাষাবাদ শুরু করতে পারেন।