সারাদেশ

জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে জেলাজুড়ে প্রশাসনের অভিযান

প্রিন্ট
জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে জেলাজুড়ে প্রশাসনের অভিযান

প্রকাশিত : ৮ মার্চ ২০২৬, রাত ১২:০৪

জ্বালানি সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে নারায়ণগঞ্জে জেলাজুড়ে পেট্রোল পাম্প গুলোতে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। শনিবার (৭ মার্চ) নারায়ণগঞ্জ সদর, সিদ্ধিরগঞ্জ, ফতুল্লা, বন্দর, আড়াইহাজার ও রূপগঞ্জ উপজেলায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ফতুল্লার প্রাইম ফিলিং স্টেশন, চৌরঙ্গী ফিলিং স্টেশন ও ফিরোজ ফিলিং স্টেশন পরিদর্শন করে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। 

পরিদর্শনকালে দেখা যায়, প্রাইম ফিলিং স্টেশন ও চৌরঙ্গী ফিলিং স্টেশন নির্ধারিত সীমার মধ্যে জ্বালানি বিক্রয় করছে। তবে সকল ক্রেতাকে বিক্রয় রশিদ প্রদান করা হচ্ছে না। এ বিষয়ে সংশ্লিষ্টদের সরকার নির্ধারিত সকল বিধি-বিধান মেনে জ্বালানি বিক্রয় করা এবং প্রতিটি ক্রেতাকে বিক্রয় রশিদ প্রদান নিশ্চিত করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।  

অন্যদিকে ফিরোজ ফিলিং স্টেশনটি গত কয়েকদিন ধরে বন্ধ রয়েছে বলে পরিদর্শনকালে জানা যায়।

এছাড়াও সিদ্ধিরগঞ্জ, ফতুল্লা, বন্দর, আড়াইহাজার ও রূপগঞ্জের বিভিন্ন পেট্রোল পাম্পে স্টক রেজিস্টার যাচাই করে তথ্যের মিল পাওয়া যায়। ফলে কোন পেট্রোল পাম্পকে জরিমানা করা হয়নি।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিফ আল তাওহীদ জানান, অভিযানে উপস্থিত ভোক্তাদের সাথে কথা বলে কোনো ধরনের অভিযোগ পাওয়া যায়নি। যদিও কিছু ভোক্তার অতিরিক্ত জ্বালানি সংগ্রহের প্রবণতা লক্ষ্য করা গেছে, তবুও নির্ধারিত সীমার মধ্যেই জ্বালানি সরবরাহ করা হচ্ছে। অভিযানে স্টক রেজিস্টার যাচাই করে তথ্যের মিল পাওয়া যায়। 

তিনি আরও জানান, খোলা তেল বিক্রি নিষেধ করা হয়। ্এছাড়াও সরকারের নির্দেশনা অনুযায়ী তেল মজুদ ও বিক্রয়ের নির্দেশনা দেওয়া হয়।