সারাদেশ

সোনারগাঁওয়ে গরু ব্যবসায়ীর ১০ লাখ টাকা ছিনতাই: কুপিয়ে জখম ৩

প্রিন্ট
সোনারগাঁওয়ে গরু ব্যবসায়ীর ১০ লাখ টাকা ছিনতাই: কুপিয়ে জখম ৩

প্রকাশিত : ১৪ মার্চ ২০২৬, রাত ১১:১১

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে গরুর মাংস ব্যবসায়ীর ১০ লাখ টাকা লুট করেছে একদল সশস্ত্র ছিনতাইকারী। শনিবার (১৪ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পিরোজপুর ইউনিয়নের মেরিখালী ব্রিজের নিচে ইউটার্নে এই দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনা ঘটে।

ছিনতাইকারীদের হামলায় আমিন (১৬) নামে এক কর্মচারী গুরুতর আহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন হযরত (৪০) ও ওয়াসিম (৪০) নামে আরও দুই কর্মচারী।

ভুক্তভোগী ব্যবসায়ী সোহাগ জানান, তার তিন কর্মচারী একটি পিকআপ ভ্যানে করে ১০ লাখ টাকা নিয়ে মুন্সিগঞ্জের গজারিয়ার রায়পুরা এলাকায় গরু কিনতে যাচ্ছিলেন। পথিমধ্যে মেরিখালী ব্রিজের নিচে পৌঁছালে একটি সিএনজিচালিত অটোরিকশা যোগে ৬ জন মুখোশধারী দুর্বৃত্ত তাদের গতিরোধ করে।

ছিনতাইকারীরা রামদা, চাপাতি ও চাইনিজ কুড়াল দিয়ে কর্মচারীদের ওপর হামলা চালায়। এসময় ধারালো অস্ত্রের আঘাতে কর্মচারী আমিনের পা ও মাথা জখম করে তারা। পরে তার কাছে থাকা ১০ লাখ টাকা ও একটি স্মার্টফোন ছিনিয়ে নিয়ে দুর্বৃত্তরা দ্রুত মেঘনা ব্রিজের দিকে পালিয়ে যায়।

আহত আমিনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিবুল্লাহ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগী ব্যবসায়ীর পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে অপরাধীদের গ্রেপ্তারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।