সারাদেশ

সিরাজদিখানে বসতবাড়িতে হামলা ও লুটপাট: থানায় অভিযোগ

প্রিন্ট
সিরাজদিখানে বসতবাড়িতে হামলা ও লুটপাট: থানায় অভিযোগ

প্রকাশিত : ১৬ মার্চ ২০২৬, রাত ১০:১৯

মুন্সিগঞ্জের সিরাজদিখানে এক প্রবাসীর স্ত্রীর বসতবাড়িতে হামলা, মারধর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী জুলেখা বেগম (৩৮) বাদী হয়ে উপজেলার বাহেরচর গ্রামের মনির দেওয়ান ও মোফাজ্জল দেওয়ানের বিরুদ্ধে সিরাজদিখান থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, পৈত্রিক সম্পত্তি দখল নিয়ে বিরোধের জেরে গত ১৫ মার্চ দুপুরে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জুলেখার বাড়িতে প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। ঘটনার প্রতিবাদ করলে হামলাকারীরা জুলেখাকে এলোপাতাড়ি মারধর করে। এসময় তাঁর চিৎকারে জা শিউলি ও দেবর নাজিম এগিয়ে এলে তাঁদেরও বাঁশ দিয়ে পিটিয়ে আহত করা হয়। আহতরা ইছাপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ভুক্তভোগী জুলেখা বেগমের দাবি, হামলাকারীরা তাঁর গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার পাশাপাশি ঘরের আলমারি ভেঙে নগদ ৩ লাখ টাকা ও প্রায় ৬ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে। যাওয়ার সময় বসতভিটা না ছাড়লে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত মনির দেওয়ানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

সিরাজদিখান থানা পুলিশ জানায়, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।