নারায়ণগঞ্জ জেলা পরিষদকে গণমানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন নবনিযুক্ত প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ। সোমবার (১৬ মার্চ) দায়িত্ব গ্রহণের পর জেলা পরিষদ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই প্রতিশ্রুতি দেন।
অধ্যাপক মামুন মাহমুদ বলেন, জেলা পরিষদের কাজ কী, তা অধিকাংশ মানুষই ঠিকমতো জানেন না। আমার প্রধান লক্ষ্য হবে এই প্রতিষ্ঠানটিকে জনবান্ধব হিসেবে গড়ে তোলা, যাতে সাধারণ মানুষ সরাসরি এর সুফল পায়।
উন্নয়ন বৈষম্য দূর করার ওপর জোর দিয়ে তিনি বলেন, বিগত সরকারের আমলে ফতুল্লাসহ নারায়ণগঞ্জের অনেক এলাকা উন্নয়ন থেকে বঞ্চিত ছিল। আমরা সেই অবহেলিত এলাকাগুলো খুঁজে বের করব। স্কুল-কলেজ, ধর্মীয় প্রতিষ্ঠান ও স্থানীয় অবকাঠামো উন্নয়নে জেলা পরিষদকে আরও সক্রিয় করা হবে।
সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট উল্লেখ করে তিনি আরও বলেন, অতীতের ফ্যাসিস্ট সরকারের জোর যার মুল্লুক তার নীতি ও বৈষম্যের রাজনীতির অবসান ঘটিয়ে আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই। জেলা পরিষদের প্রতিটি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে।
উল্লেখ্য, অধ্যাপক মামুন মাহমুদ বর্তমানে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়কের দায়িত্বে রয়েছেন। এর আগে তিনি জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। রাজনীতির পাশাপাশি তিনি সোনারগাঁয়ের কাজী ফজলুল হক উইমেন্স কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে কর্মরত। গত রবিবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।
নারায়ণগঞ্জের জলাবদ্ধতা ও অবকাঠামোগত সমস্যা সমাধানে এবং জনকল্যাণমূলক কাজকে অগ্রাধিকার দিয়ে জেলা পরিষদকে একটি মডেল প্রতিষ্ঠানে রূপান্তর করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
মতামত