সারাদেশ

সাঁথিয়ায় সিএনজি ভাড়া তিনগুণ: চরম ভোগান্তিতে যাত্রীরা

প্রিন্ট
সাঁথিয়ায় সিএনজি ভাড়া তিনগুণ: চরম ভোগান্তিতে যাত্রীরা

প্রকাশিত : ১৯ মার্চ ২০২৬, সন্ধ্যা ৬:০০

পাবনার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর বাসস্ট্যান্ড থেকে সিএন্ডবি সড়ক পর্যন্ত রুটে সিএনজিচালিত অটোরিকশার ভাড়া অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ার অভিযোগ উঠেছে। কোনো ঘোষণা ছাড়াই ৩০ টাকার ভাড়া ১০০ টাকা আদায় করায় সাধারণ যাত্রীদের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সরেজমিনে দেখা যায়, নির্ধারিত কোনো নীতিমালা তোয়াক্কা না করেই চালকরা ইচ্ছেমতো ভাড়া আদায় করছেন। আগে এই পথে জনপ্রতি ভাড়া ছিল ৩০ টাকা, যা এখন তিনগুণেরও বেশি বাড়িয়ে ১০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে।

হঠাৎ ভাড়া বৃদ্ধিতে বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষ। বিশেষ করে কর্মজীবী ও জরুরি প্রয়োজনে যাতায়াতকারীরা চরম ভোগান্তিতে পড়েছেন। ভুক্তভোগীরা জানান, চালকদের কাছে প্রতিবাদ করেও কোনো লাভ হচ্ছে না, বরং যাত্রীদের সঙ্গে অপেশাদার আচরণের অভিযোগও উঠেছে।

স্থানীয়রা জানান, যথাযথ তদারকির অভাবে সাধারণ মানুষকে জিম্মি করে এই অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। জনস্বার্থে দ্রুত ভাড়া নিয়ন্ত্রণ এবং প্রশাসনের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।