সারাদেশ

সিদ্ধিরগঞ্জে অবৈধ দোকান উচ্ছেদে বাধা হাতাহাতি

প্রিন্ট
সিদ্ধিরগঞ্জে অবৈধ দোকান উচ্ছেদে বাধা হাতাহাতি

প্রকাশিত : ১১ মে ২০২৬, দুপুর ১২:৩৫

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় যানজট নিরসনে অবৈধ দোকানপাট উচ্ছেদ করতে গিয়ে বাধার মুখে পড়েছেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। রোববার (১০ মে) বেলা ১১টার দিকে অভিযান চলাকালে বাধা দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। তবে বাধা উপেক্ষা করেই শতাধিক দোকান উচ্ছেদ করে হকারদের অন্যত্র পুনর্বাসনের ব্যবস্থা করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযান চলাকালে বহিষ্কৃত বিএনপি নেতা সালাউদ্দিনের অনুসারী মাসুদ বাঙ্গালী, তার স্ত্রী ও কয়েকজন সমর্থক উচ্ছেদে বাধা দেন। এ সময় বিএনপি নেতাদের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয় এবং একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। অভিযোগ রয়েছে, মাসুদ বাঙ্গালী ও তার সমর্থকরা এ সময় বিএনপি নেতাদের হেনস্তা করেন।

এ বিষয়ে বিএনপি নেতারা জানান, পুল মোড়ে সড়ক দখল করে অবৈধ দোকান বসানোর কারণে প্রতিদিন তীব্র যানজট সৃষ্টি হয়। এতে আদমজী ইপিজেডগামী শ্রমিক থেকে শুরু করে হাসপাতালেগামী জরুরি রোগী ও সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হন। মূলত জনদুর্ভোগ কমাতে এবং যান চলাচল স্বাভাবিক করতেই এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ হালিম জুয়েল, রওশন আলী সাবেক চেয়ারম্যান, গাজী মনির, মো. জয়নাল আবেদীন, যুবদল নেতা শহিদুল ইসলাম ভূঁইয়া, জুয়েল রানা, মানিক, নূরউদ্দিনসহ স্থানীয় নেতাকর্মীরা।