পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে নারায়ণগঞ্জের মানুষ নাড়ির টানে গ্রামের বাড়িতে ছুটছেন। এতে করে শিল্পনগরী নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকাগুলো প্রায় জনশূন্য হয়ে পড়ছে। এই সুযোগে ফাঁকা নগরীতে চুরি, ছিনতাই ও ডাকাতির মতো অপরাধের আশঙ্কা বেড়ে যায়। নাগরিকরা যাতে শঙ্কামুক্ত থাকতে পারেন, সেজন্য র্যাব-১১-এর বিশেষ আভিযানিক দল দিনরাত আবাসিক এলাকাগুলোতে টহল দিচ্ছে।
উৎসবের এই সময়ে মহাসড়কগুলোতে যানবাহনের চাপ বাড়ার পাশাপাশি ডাকাত দলের সক্রিয়তাও বৃদ্ধি পায়। যাত্রী সাধারণের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে র্যাব-১১-এর পক্ষ থেকে কঠোর নজরদারি ও তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সন্দেহভাজন যানবাহন ও ব্যক্তিদের তল্লাশির মাধ্যমে অপরাধীদের তৎপরতা রুখে দেওয়ার চেষ্টা চলছে।
র্যাব-১১ কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদুল ফিতরকে কেন্দ্র করে দেশজুড়ে চুরি, ছিনতাই, ডাকাতি, ধর্ষণ ও খুনসহ যেকোনো ধরণের সহিংসতা ও অপরাধ প্রতিরোধে তাদের নিয়মিত কার্যক্রমের পাশাপাশি বিশেষ এই নিরাপত্তা পরিকল্পনা সাজানো হয়েছে। অপ্রীতিকর যেকোনো ঘটনা মোকাবিলায় নাগরিকদের দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নেওয়ার আহ্বান জানিয়েছে র্যাব-১১।
মতামত