সারাদেশ

মহম্মদপুরে পুলিশের বিশেষ অভিযান: আটক ৭, দুই মাদকসেবীর কারাদণ্ড

প্রিন্ট
মহম্মদপুরে পুলিশের বিশেষ অভিযান: আটক ৭, দুই মাদকসেবীর কারাদণ্ড

প্রকাশিত : ১ এপ্রিল ২০২৬, রাত ১১:৪৮

মাগুরার মহম্মদপুর থানা পুলিশের বিশেষ অভিযানে সাত মাদকসেবীকে আটক করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) উপজেলার বিভিন্ন এলাকায় দিনভর এই অভিযান পরিচালিত হয়। আটকদের মধ্যে দুজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

পুলিশ জানায়, মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুজ্জামানের নেতৃত্বে উপজেলার বড়রিয়া, ধোয়াইল ও বেজড়া গ্রামে মাদকবিরোধী অভিযান চালানো হয়। আটককৃতরা হলেন, সাগর, মামুন, নুর ইসলাম, সুমন, রাকিব, রিয়াজ ও মুলজার।

আটকের পর তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক সাগরকে ৩ মাস এবং মুলজারকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। বাকি পাঁচজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

মহম্মদপুর থানার ওসি মো. আশরাফুজ্জামান বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। মাদক কারবারি বা সেবনকারী কাউকেই ছাড় দেওয়া হবে না।

পুলিশের এই কঠোর অবস্থানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।