প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান এবং পরিচালক (প্রশাসন) ড. সেলিমা আখতার পৃথক ভিডিও বার্তায় শুভেচ্ছা জানিয়েছেন।
প্রতি বছরের ন্যায় এবারও জাতীয় সংগীত পরিবেশন, পতাকা উত্তোলন, বেলুন উড়ানো, আলোচনা সভা ও সম্মাননা প্রদানের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়। জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক সংগঠনের পক্ষ থেকে সংস্থাটিকে অভিনন্দন জানানো হয়।
নির্বাহী পরিচালকের বার্তা: সংস্থার প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান বলেন, ঠাকুরগাঁওয়ের একটি প্রান্তিক জনপদ থেকে শুরু হওয়া ইএসডিও আজ দেশের ৫৬টি জেলায় বিস্তৃত। এই দীর্ঘ পথচলায় যারা জীবনযুদ্ধে জয়ী হওয়ার চেষ্টা করছেন, আমরা তাদের অভিনন্দন জানাই। সরকার ও উন্নয়ন সহযোগীদের সমর্থন আমাদের এই যাত্রাকে আরও শক্তিশালী করেছে।
পরিচালক (প্রশাসন) ড. সেলিমা আখতার বলেন, শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি ও পরিবেশ উন্নয়নে ইএসডিও নিবেদিতপ্রাণ। বিশেষ করে ঠাকুরগাঁওকে একটি শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে আমরা নিরলস কাজ করছি। কর্মীদের নিষ্ঠা ও সাধারণ মানুষের আস্থাই আমাদের মূল চালিকাশক্তি।
উল্লেখ্য, ১৯৮৮ সালে যাত্রা শুরু করা এই সংস্থাটি বর্তমানে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে অন্যতম প্রধান ভূমিকা পালন করছে।
মতামত