সারাদেশ

বন্দরে কিশোরীকে গণধর্ষণ: টিকটক প্রেমিকসহ গ্রেফতার ২

প্রিন্ট
বন্দরে কিশোরীকে গণধর্ষণ: টিকটক প্রেমিকসহ গ্রেফতার ২

প্রকাশিত : ৩ এপ্রিল ২০২৬, রাত ১১:১৯

নারায়ণগঞ্জের বন্দরে ১৪ বছরের এক কিশোরীকে প্রলোভন দেখিয়ে এনে গণধর্ষণের ঘটনায় জড়িত প্রধান দুই আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। বুধবার (৩ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে সিদ্ধিরগঞ্জের আজিবপুর মাজার রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো. বন্দর থানার কদমরসুল এলাকার গাজী মিয়ার ছেলে মোঃ রিফাত (২১) এবং বাগবাড়ী এলাকার জাহিদ হোসেনের ছেলে মোঃ রোমান (২১)।

র‌্যাব সূত্রে জানা যায়, ভিকটিম কিশোরীর সঙ্গে টিকটকের মাধ্যমে রিফাতের পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ২৯ মার্চ রিফাত ওই কিশোরীকে দেখা করার কথা বলে বন্দর ঘাটে আসতে বলে এবং যাতায়াত খরচ বাবদ ৫০০ টাকা বিকাশ করে। সরল বিশ্বাসে কিশোরী চাঁদপুর থেকে লঞ্চযোগে নারায়ণগঞ্জ ঘাটে পৌঁছালে রিফাত তাকে রিসিভ করে।

ঐদিন বিকেলে রিফাত ও তার সহযোগী রোমান কিশোরীটিকে ভুলিয়ে ভালিয়ে নবীগঞ্জ কদমরসুল এলাকার একটি দেয়ালঘেরা নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে দুই যুবক মিলে কিশোরীটিকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে। পাশবিকতা শেষে আসামিরা সেখানে নেশাদ্রব্য সেবন করে কিশোরীর সঙ্গে উদ্ধত আচরণ শুরু করে এবং একপর্যায়ে তাকে ফেলে রেখে পালিয়ে যায়।

এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে বন্দর থানায় মামলা করলে ছায়া তদন্ত শুরু করে র‌্যাব। পরে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামিদের অবস্থান শনাক্ত করে তাদের গ্রেফতার করা হয়।

র‌্যাব-১১-এর পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।