সারাদেশ

জেলাজুড়ে গ্যাসের তীব্র সংকট দিশেহারা নারায়ণগঞ্জবাসী

প্রিন্ট
জেলাজুড়ে গ্যাসের তীব্র সংকট দিশেহারা নারায়ণগঞ্জবাসী

প্রকাশিত : ১৩ আগস্ট ২০২৬, রাত ১০:৪৪

লাইনে পর্যাপ্ত চাপ নেই, সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ সাড়ি, আর শিল্প-কারখানায় উৎপাদন ব্যাহত জেলাজুড়ে গ্যাসের এমন চরম সংকটে দিশেহারা নারায়ণগঞ্জবাসী। বুধবার (১২ আগস্ট) দুপুর থেকে বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় গ্যাস সংকটে হাহাকার দেখা গেছে।

গ্যাসের অভাবে বাসাবাড়িতে গৃহিণীদের রান্নাবান্না পুরোপুরি বন্ধের উপক্রম। বাধ্য হয়ে অনেকে ঝুঁকছেন হোটেল-রেস্তোরাঁর খাবারের দিকে, যা বাড়তি খরচের পাশাপাশি স্বাস্থ্যহানির ঝুঁকি তৈরি করছে। অন্যদিকে শহরের বাইরের এলাকাগুলোতে অনেকেই এলপিজি কিনে বা বাধ্য হয়ে সনাতন পদ্ধতির মাটির চুলা ও লাকড়ি ব্যবহার শুরু করেছেন।

এদিকে সিএনজি স্টেশনগুলোতে পর্যাপ্ত গ্যাস না পাওয়ায় ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকছে যানবাহন। রাইড শেয়ারিং ও ভাড়ায় চালিত সিএনজি অটোরিকশার চালকরা পড়েছেন উপার্জনের ঝুঁকিতে। শিল্পাঞ্চলগুলোতেও গ্যাসের নিম্নাচাপের কারণে উৎপাদন ব্যাহত হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন কারখানা মালিকরা।

এ বিষয়ে তিতাস গ্যাস নারায়ণগঞ্জের আঞ্চলিক বিপণন বিভাগের উপমহাব্যবস্থাপক মনজুর আজিজ মোহন জানান, জেলায় প্রায় ৮১ হাজার গ্রাহক রয়েছেন এবং কয়েক দিন ধরে সরবরাহজনিত কিছু স্বল্পতা চলছে। আগামী দুই-তিন দিনের মধ্যে এ পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।