সারাদেশ

ফতুল্লায় ঝুট নিয়ে সংঘর্ষ: কুয়াকাটা থেকে যুবদল নেতাসহ গ্রেপ্তার ৩

প্রিন্ট
ফতুল্লায় ঝুট নিয়ে সংঘর্ষ: কুয়াকাটা থেকে যুবদল নেতাসহ গ্রেপ্তার ৩

প্রকাশিত : ১৫ এপ্রিল ২০২৬, দুপুর ১:৪১

নারায়ণগঞ্জের ফতুল্লায় ঝুট ব্যবসা নিয়ে সংঘর্ষ ও শিশু গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় এনায়েতনগর ইউনিয়ন যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) হাসিনুজ্জামান।

অভিযান ও গ্রেপ্তার পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে পটুয়াখালীর কুয়াকাটা এলাকার হোটেল গ্র্যান্ড সাফা ইন-এ বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, মনির হোসেন (৫০) সভাপতি এনায়েতনগর ইউনিয়ন যুবদল। খায়রুল আলম জসিম (৪৯) সাধারণ সম্পাদক এনায়েতনগর ইউনিয়ন যুবদল। লিয়ন মাহমুদ আকাশ (২২) সহযোগী।

গত ১২ এপ্রিল ফতুল্লার হরিহরপাড়া চাঁদনী হাউজিং এলাকায় ঝুট মালামাল নামানোকে কেন্দ্র করে যুবদলের দুই গ্রুপ ও স্বেচ্ছাসেবক দলের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে। এ সময় নির্বিচারে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় এক শিশুসহ দুইজন গুলিবিদ্ধ হন।

মামলা ও আইনি প্রক্রিয়া এই ঘটনায় গুলিবিদ্ধ রাকিবের বাবা বাদী হয়ে জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনিসহ ১২ জনের নাম উল্লেখ করে ফতুল্লা থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের নারায়ণগঞ্জে আনা হয়েছে এবং এই ঘটনার সাথে জড়িত বাকিদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে।