সারাদেশ

নাইক্ষ্যংছড়িতে অস্ত্রসহ দুই সন্ত্রাসী আটক: গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

প্রিন্ট
নাইক্ষ্যংছড়িতে অস্ত্রসহ দুই সন্ত্রাসী আটক: গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

প্রকাশিত : ১৯ এপ্রিল ২০২৬, রাত ১০:৩৮

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দুর্গম বাইশারী ইউনিয়নে দেশীয় অস্ত্রসহ দুই চিহ্নিত সন্ত্রাসীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যায় ইউনিয়নের উত্তর বাইশারী এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলো, উত্তর বাইশারীর মৃত ইসহাক মাস্টারের ছেলে আতাউল্লাহ কলিম (৩২) এবং মধ্যম বাইশারী এলাকার শফি মিস্ত্রীর ছেলে হারুন (২৬)।

স্থানীয় সূত্রে জানা গেছে, আতাউল্লাহ কলিম মিয়ানমার থেকে গরু পাচারকারী একটি চক্রের মূলহোতা। দীর্ঘদিন ধরে তার বাহিনী এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল। তাদের চাঁদাবাজি ও অত্যাচারে অতিষ্ঠ হয়ে সন্ধ্যায় এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে তাদের ঘেরাও করে। এসময় তাদের তল্লাশি করে একটি দেশীয় তৈরি কাটা বন্দুক উদ্ধার করা হয়। উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দিয়ে পুলিশে খবর দেয়।

খবর পেয়ে বাইশারী তদন্ত কেন্দ্রের পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অস্ত্রসহ দুইজনকে হেফাজতে নেয়। নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ জানায়, আটককৃতরা বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনসহ সংশ্লিষ্ট ধারায় মামলা প্রক্রিয়ারধীন।

এই আটকের ঘটনায় দীর্ঘদিনের আতঙ্কিত বাইশারী ইউনিয়নবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এলাকায় বর্তমানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।