সোমবার (২০ এপ্রিল) ডিপিডিসির ফতুল্লা সাব-স্টেশনের নির্বাহী প্রকৌশলী এএইচএম তারেক তুষার বিষয়টি নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২১ সালে মুন্সিগঞ্জ-পঞ্চবটি দ্বিতীয় সড়কের উন্নয়ন কাজ শুরু হলে মাটির নিচে থাকা ক্যাবলগুলো দৃশ্যমান হয়। এরপর ২০২৫ সালের মাঝামাঝি সময় থেকে স্থানীয় একটি সংঘবদ্ধ চক্র এসব ক্যাবল তোলা শুরু করে। ভুক্তভোগীদের অভিযোগ, কাশীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আরিফ মন্ডলের নেতৃত্বে একটি সিন্ডিকেট এই চুরির সাথে সরাসরি জড়িত। ভোলাইল থেকে দেওয়ান বাড়ি এবং বিসিক শিল্প নগরী এলাকায় মিলন, জুয়েল, জব্বার, ইমরান ও আল-আমিনসহ বেশ কয়েকজন নেতার নাম এই চক্রে উঠে এসেছে।
নির্বাহী প্রকৌশলী তারেক তুষার জানান, চুরির খবর পেয়ে ডিপিডিসির কর্মকর্তারা ছবি তুলতে গেলে চক্রের সদস্যরা তাদের মোবাইল কেড়ে নিয়ে হামলার চেষ্টা করে। তিনি আরও জানান, পরিত্যক্ত বা ডেড ক্যাবল কাটতে গিয়ে সচল বিদ্যুৎ লাইনেরও ব্যাপক ক্ষতি করা হচ্ছে, যা বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি করছে।
দীর্ঘদিন ধরে প্রকাশ্যে ক্যাবল চুরির ঘটনা ঘটলেও প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় জনমনে ক্ষোভ দেখা দিয়েছে। এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুল আলম বলেন, আমি থানায় নতুন যোগদান করেছি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
সরকারি সম্পদ রক্ষায় সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন সচেতন এলাকাবাসী।
মতামত