সারাদেশ

শ্রীপুরে পার্টনার প্রকল্পের ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

প্রিন্ট
শ্রীপুরে পার্টনার প্রকল্পের ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

প্রকাশিত : ২৮ এপ্রিল ২০২৬, সন্ধ্যা ৭:৩৭

মাগুরার শ্রীপুরে কৃষি উৎপাদন বৃদ্ধি ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে দিনব্যাপী পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই কংগ্রেস অনুষ্ঠিত হয়।

২০২৫-২৬ অর্থবছরের প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রায় ১০০ জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. হুমায়ন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক কৃষিবিদ মো. আলমগীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. তাজুল ইসলাম এবং পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার শেখ সাজ্জাদ হোসেন।

অতিরিক্ত উপজেলা কৃষি অফিসার নাহিদ সুলতানার সঞ্চালনায় সভায় বক্তারা আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণ, গ্রামীণ উদ্যোক্তা তৈরি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কৃষকদের সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।