সারাদেশ

জুলাই হত্যাকাণ্ডের দুই মামলায় সেলিনা হায়াৎ আইভীর জামিন

প্রিন্ট
জুলাই হত্যাকাণ্ডের দুই মামলায় সেলিনা হায়াৎ আইভীর জামিন

প্রকাশিত : ৩০ এপ্রিল ২০২৬, দুপুর ২:০৩

জুলাই গণঅভ্যুত্থানে সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা পৃথক দুটি হত্যা মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, সিদ্ধিরগঞ্জ থানায় ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর এবং ২০২৫ সালের ৩০ জুন দায়ের করা দুটি হত্যা মামলায় তাকে জামিন দেওয়া হয়েছে। তবে এই দুই মামলায় জামিন পেলেও আইভীর কারামুক্তি এখনই হচ্ছে না। তার বিরুদ্ধে থাকা আরও ৫টি মামলার জামিনসংক্রান্ত বিষয়ে আগামী রোববার (৪ মে) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগে আদেশ হওয়ার কথা রয়েছে।

এর আগে, গত বছরের ৯ মে ভোররাতে নারায়ণগঞ্জের দেওভোগ এলাকার নিজ বাসভবন চুনকা কুটির থেকে আইভীকে গ্রেফতার করা হয়। এরপর থেকে পর্যায়ক্রমে তাকে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। কয়েক দফায় হাইকোর্ট তাকে জামিন দিলেও রাষ্ট্রপক্ষের আবেদনে তা স্থগিত হয়ে যায়। সর্বশেষ গত ২৬ ফেব্রুয়ারি ৫টি মামলায় তাকে জামিন দেওয়া হলেও বর্তমানে তা আপিল বিভাগের সিদ্ধান্তের অপেক্ষায় ঝুলে আছে।

উল্লেখ্য, জুলাই আন্দোলনের সময় সিদ্ধিরগঞ্জে নিহতের ঘটনায় দায়ের করা মামলাগুলোতে নারায়ণগঞ্জের সাবেক এই মেয়রকে আসামি করা হয়। এসব মামলায় সংশ্লিষ্ট থানা পুলিশের আবেদনের প্রেক্ষিতে আদালত তাকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছিলেন।