সারাদেশ

ঠাকুরগাঁওয়ে বিএনপি নেতা ও তাঁর স্ত্রী কারাগারে: আড়াই কোটি টাকা আত্মসাতের অভিযোগ

প্রিন্ট
ঠাকুরগাঁওয়ে বিএনপি নেতা ও তাঁর স্ত্রী কারাগারে: আড়াই কোটি টাকা আত্মসাতের অভিযোগ

প্রকাশিত : ৩০ এপ্রিল ২০২৬, রাত ১০:৩০

অর্থ আত্মসাৎ ও জাল চেকের মাধ্যমে প্রতারণার অভিযোগে ঠাকুরগাঁও জেলা বিএনপির অর্থনীতি বিষয়ক সম্পাদক এবং জেলা চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি হাবিবুল ইসলাম বাবলু ও তাঁর স্ত্রী আইরিন আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৯ এপ্রিল) দিবাগত শেষ রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, রাজ্জাক গ্রুপের চেয়ারম্যান হাবিবুল ইসলাম বাবলু ও তাঁর স্ত্রীর কাছে একটি প্রতিষ্ঠানের ২ কোটি ৫৭ লাখ টাকা পাওনা ছিল। পাওনা টাকা ফেরত না দিয়ে তাঁরা দীর্ঘ সময় ধরে তালবাহানা করেন। পরবর্তীতে তাঁরা একটি চেক প্রদান করলে সেটি জাল বলে প্রমাণিত হয়। এ ঘটনায় গত বছরের ১৭ ডিসেম্বর ভুক্তভোগী প্রতিষ্ঠানের পক্ষ থেকে গুলশান থানায় প্রতারণা ও জালিয়াতির মামলা দায়ের করা হয়।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, নিয়মিত মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে রাজধানীর গুলশান এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা আজিজ মাহমুদ জানান, আসামিদের আদালতে সোপর্দ করা হলে আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।