সারাদেশ

কাঁচপুর ব্রিজে ট্রাকের ধাক্কায় কিশোরের মৃত্যু: উত্তেজিত জনতার আগুন

প্রিন্ট
কাঁচপুর ব্রিজে ট্রাকের ধাক্কায় কিশোরের মৃত্যু: উত্তেজিত জনতার আগুন

প্রকাশিত : ১ মে ২০২৬, রাত ১০:৪৯

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জে কাঁচপুর ব্রিজের ওপর ট্রাকের ধাক্কায় মো. রফিকুল ইসলাম রিফাত (১৬) নামে এক কিশোরের মৃত্যুকে কেন্দ্র করে ট্রাকে আগুন দিয়েছে উত্তেজিত জনতা। শুক্রবার (১ মে) দুপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত রিফাত পটুয়াখালী জেলার বাউফল থানার কামালপুর এলাকার জুলহাসের ছেলে। হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুর ২টার দিকে কাঁচপুর ব্রিজের ঢালে একটি ট্রাক পেছন থেকে রিফাতকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দিলে মহাসড়কে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। শিমরাইল হাইওয়ে পুলিশ বক্সের ইনচার্জ জুলহাস উদ্দিন জানান, খবর পেয়ে কাঁচপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেছে। পুলিশ আগুনে পোড়া ট্রাকটি জব্দ করেছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।