নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর সার্বিক তত্ত্বাবধানে এই শোডাউন পরিচালিত হয়। মহানগর শ্রমিক দলের আহ্বায়ক এস এম আসলাম ও সদস্য সচিব ফারুক হোসেনের নেতৃত্বে দুপুর থেকেই অর্ধশতাধিক বাসযোগে সদর, সিদ্ধিরগঞ্জ ও বন্দরসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা মতিঝিল এলাকায় জড়ো হন।
পরে সেখান থেকে ব্যানার, ফেস্টুন ও জাতীয় পতাকায় সুসজ্জিত হয়ে বিশাল একটি মিছিল নিয়ে তারা নয়াপল্টনের সমাবেশস্থলে পৌঁছান। এ সময় গগনবিদারী স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন নেতাকর্মীরা। সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শোডাউনে মহানগর বিএনপি, শ্রমিক দল ছাড়াও যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলসহ অঙ্গসংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ওয়ান-ইলেভেন পরবর্তী সময়ে ঢাকার রাজপথে নারায়ণগঞ্জের এই বিশাল অংশগ্রহণকে দলের শক্তিমত্তার বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
মতামত