সারাদেশ

জলাবদ্ধতা নিরসনে সরকারি উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা জরুরি: মামুন মাহমুদ

প্রিন্ট
জলাবদ্ধতা নিরসনে সরকারি উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা জরুরি: মামুন মাহমুদ

প্রকাশিত : ২ মে ২০২৬, দুপুর ১:৫০

নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, জলাবদ্ধতা নিরসনে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়, এ ক্ষেত্রে সাধারণ মানুষের সচেতনতা ও অংশগ্রহণ অপরিহার্য। যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেলা বন্ধ করে পরিবেশ রক্ষায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

শনিবার (২ মে) ফতুল্লার ডিএনডি বাঁধ সংলগ্ন এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা দূর করতে খাল খনন কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

মামুন মাহমুদ জানান, বিএনপির ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা এবং তারেক রহমানের দেশব্যাপী খাল খনন কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, শিল্পপ্রতিষ্ঠানগুলোকেও জলাবদ্ধতা নিরসনে দায়িত্বশীল হতে হবে। বিশেষ করে কারখানার বর্জ্য যাতে সরাসরি খাল বা নদীতে না পড়ে, সে বিষয়ে মালিকপক্ষকে সচেতন থাকতে হবে। ফতুল্লা এলাকার বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, দ্রুত খাল খনন সম্পন্ন হলে বর্ষা মৌসুমে পানিবন্দি অবস্থা থেকে তারা মুক্তি পাবেন এবং জলাবদ্ধতা সমস্যার একটি স্থায়ী সমাধান হবে।