সারাদেশ

ভুয়া অস্ট্রেলিয়ান ভিসা সিন্ডিকেটের দুই সদস্য আটক

প্রিন্ট
ভুয়া অস্ট্রেলিয়ান ভিসা সিন্ডিকেটের দুই সদস্য আটক

প্রকাশিত : ৬ মে ২০২৬, রাত ১০:০৪

রংপুরে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে অনলাইন প্রতারণা চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় প্রতারণার কাজে ব্যবহৃত বিপুল আলামত জব্দ করা হয়।

পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হকের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত চন্দ্র রায়ের নেতৃত্বে ডিবির একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় ৪ মে গভীর রাতে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের নয়ানখাল এলাকায় অভিযান চালায়। অভিযানে মোঃ নূরুজ্জামান এবং মোঃ খায়রুল ইসলাম নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়।

অভিযানের সময় তাদের কাছ থেকে সাতটি মোবাইল ফোন, আটটি সিম কার্ড, একটি ল্যাপটপ, বিকাশ লেনদেনের হিসাব খাতা, ভুয়া পাসপোর্টের কপি, অস্ট্রেলিয়ান ওয়ার্ক পারমিট ও ভিসার জাল কাগজপত্র এবং বায়োমেট্রিক অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত ভুয়া ডকুমেন্ট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা সংঘবদ্ধভাবে অনলাইনে চাকরি ও বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিত। একই সঙ্গে ই-ট্রানজেকশনের মাধ্যমে অবৈধ অনলাইন কার্যক্রমেও জড়িত ছিল।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার দুইজনের তথ্যের ভিত্তিতে চক্রের আরও অন্তত ২০ জন সদস্যের নাম-পরিচয় পাওয়া গেছে। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় রংপুরের তারাগঞ্জ থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ এর একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে এবং মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।