প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে ‘ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আইন, ২০২৩’-এর ১০(১) ধারা অনুযায়ী তাকে এ নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগের শর্ত অনুযায়ী, যোগদানের তারিখ থেকে আগামী চার বছর অথবা অবসর গ্রহণের আগ পর্যন্ত তিনি উপাচার্যের দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা ও বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করতে হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
অধ্যাপক ড. মো. ইস্রাফীল ভারতের ন্যাশনাল স্কুল অব ড্রামা থেকে ১৯৯১ সালে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে কলকাতার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশের স্ট্রিট থিয়েটার বিষয়ে পিএইচডি সম্পন্ন করেন।
তিনি দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন। ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। এছাড়া দেশ-বিদেশের বিভিন্ন গবেষণা, কর্মশালা ও একাডেমিক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন তিনি।
পদ্ধতিগত অভিনয়, স্থানীয় নাট্যরীতি এবং সমাজভিত্তিক সাংস্কৃতিক চর্চা নিয়ে কাজের জন্য নাট্য অঙ্গনে বিশেষ পরিচিতি রয়েছে ড. ইস্রাফীলের। সংশ্লিষ্টরা মনে করছেন, নবগঠিত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও সাংস্কৃতিক বিকাশে তার অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উপাচার্য হিসেবে নিয়োগের খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষক, শিক্ষার্থী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাবেক শিক্ষার্থীদের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হচ্ছে।
মতামত