সারাদেশ

রংপুরে শাহী জর্দা কোম্পানির অফিসে অভিযান, আটক ২

প্রিন্ট
রংপুরে শাহী জর্দা কোম্পানির অফিসে অভিযান, আটক ২

প্রকাশিত : ৭ মে ২০২৬, রাত ১০:২৯

রংপুরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে মাদকসহ আলোচিত ‘জর্দা শামীম’ নামে পরিচিত শামীম আহমেদ ও তার সহযোগী আরিফ হোসেনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে রংপুর মহানগরীর কোতোয়ালী থানার হরিদেবপুর ইউনিয়নের গোকুলপুর চওড়াপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল পাগলাপীর বাজার-জলঢাকা সড়কের পাশে শাহী জর্দা কোম্পানি লিমিটেডের অফিসসংলগ্ন একটি শয়নকক্ষে অভিযান চালায়। এসময় সেখান থেকে ৬ ক্যান বিয়ার উদ্ধার করা হয় এবং শামীম আহমেদ ও মো. আরিফ হোসেনকে আটক করা হয়।

এ ঘটনায় কোতোয়ালী (সদর) থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেফতার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। মামলার তদন্ত করছে রংপুর জেলা ডিবি পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার শামীম আহমেদ ঢাকার উত্তরা পূর্ব থানার একটি হত্যা চেষ্টা মামলার এবং রামপুরা থানার একটি হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি।

অন্যদিকে গ্রেফতার আরিফ হোসেনের বিরুদ্ধেও ঝালকাঠি সদর থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে মারধর, চাঁদাবাজি, চুরি ও আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধের অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।