সারাদেশ

সিদ্ধিরগঞ্জে পুলিশি অভিযানের সাক্ষী হওয়ায় তরুণ দল নেতাকে মারধরের অভিযোগ

প্রিন্ট
সিদ্ধিরগঞ্জে পুলিশি অভিযানের সাক্ষী হওয়ায় তরুণ দল নেতাকে মারধরের অভিযোগ

প্রকাশিত : ৯ মে ২০২৬, রাত ১০:১৬

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশি অভিযানের জব্দ তালিকায় সাক্ষী হওয়ায় এক তরুণ দল নেতাকে মারধরের অভিযোগ উঠেছে এক যুবদল নেতার বিরুদ্ধে। শনিবার (৯ মে) সকালে আটি ওয়াপদা কলোনী এলাকায় ভুক্তভোগীর নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষ থানায় পাল্টা-পাল্টি অভিযোগ দায়ের করেছে।

ভুক্তভোগী আব্দুল করিম (৬০) নারায়ণগঞ্জ জেলা তরুণ দলের সিনিয়র সহ-সভাপতি। অভিযুক্ত সাজ্জাদ হোসেন নাসিক ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য ও যুবদল রাজনীতির সাথে সম্পৃক্ত।

আব্দুল করিমের অভিযোগ, গত বছর পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করে এবং তাকে জব্দ তালিকার সাক্ষী করে। সেই ক্ষোভ থেকে সাজ্জাদ সকালে তার হোটেলে এসে দলবলসহ তাকে মারধর ও অকথ্য ভাষায় গালিগালাজ করেন। ঘটনার সিসিটিভি ফুটেজ রয়েছে বলেও তিনি জানান।

তবে মারধরের অভিযোগ অস্বীকার করে সাজ্জাদ বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ ছড়ানোর বিষয়ে জানতে চাইলে তার সাথে কথা-কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়েছে। স্থানীয়রা বিষয়টি মীমাংসা করে দিলেও তিনি থানায় অভিযোগ করেছেন, তাই আমিও পাল্টা অভিযোগ দিয়েছি।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।