সারাদেশ

সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে ডুবে দুই কিশোরের মৃত্যু

প্রিন্ট
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে ডুবে দুই কিশোরের মৃত্যু

প্রকাশিত : ১২ মে ২০২৬, বিকাল ৩:০৬

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে মনিরুল (১৫) ও শুভ (১৫) নামে দুই কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তারা দুজনই গোদনাইল বাগপাড়া আলিম মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার দুপুরে পরীক্ষা শেষে পাঁচ বন্ধু মিলে নাভানা মাঠে ফুটবল খেলার পর বার্মাস্ট্যান্ড নয়াপাড়া এলাকার ১ নম্বর ব্রিজসংলগ্ন ডিএনডি লেকে গোসল করতে নামে। পরে তিনজন বাড়ি ফিরলেও মনিরুল ও শুভ নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা রাতভর খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান পাননি।

মঙ্গলবার ভোরে স্থানীয়রা লেকে দুই কিশোরের মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। সিদ্ধিরগঞ্জ থানার এসআই মো. মাসুম বিল্লাহ জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরিবারের কোনো আপত্তি না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহত মনিরুল মাগুরার মোহাম্মদপুর উপজেলার পাল্লা গ্রামের মোহাম্মদ জাকিরের ছেলে এবং শুভ পটুয়াখালীর মরিচবুনিয়া গ্রামের মিজান সিকদারের ছেলে। বর্তমানে তারা সিদ্ধিরগঞ্জে পরিবারের সঙ্গে বসবাস করত।