সারাদেশ

সিদ্ধিরগঞ্জে জমি নিয়ে বিরোধ: মসজিদের প্রাচীর ভাঙচুর টাকা লুট

প্রিন্ট
সিদ্ধিরগঞ্জে জমি নিয়ে বিরোধ: মসজিদের প্রাচীর ভাঙচুর টাকা লুট

প্রকাশিত : ১৩ মে ২০২৬, দুপুর ২:৩৬

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে একটি মসজিদের নির্মাণাধীন সীমানা প্রাচীর ভাঙচুর ও অনুদানের নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মৌচাক বাসস্ট্যান্ড এলাকার ওই মসজিদের মোতওয়াল্লী আ. সাত্তার বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগপত্রে একই এলাকার বজলুর রহমান (৬০) ও তার ছেলে ইমরানকে (১৮) প্রধান আসামি করে অজ্ঞাত আরও ৩-৪ জনকে অভিযুক্ত করা হয়েছে।

মসজিদের মোতওয়াল্লী আ. সত্তার জানান, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে মসজিদের জমি দখলের চেষ্টা চালিয়ে আসছে। সম্প্রতি জেলা প্রশাসক ও স্থানীয়দের অনুদানের মোট ১ লাখ ১৪ হাজার টাকায় মসজিদের সামনের সরকারি জায়গায় ওযুখানা ও প্রাচীর নির্মাণের কাজ শুরু হয়। নির্মাণকাজে অভিযুক্তরা শুরু থেকেই বাধা ও শ্রমিকদের হুমকি দিয়ে আসছিল। এর জেরে গত মঙ্গলবার তারা নবনির্মিত প্রাচীর ভাঙচুর করে এবং মসজিদের প্রধান ফটক ও ভেতরের আলমিরার তালা ভেঙে জেলা প্রশাসকের দেওয়া অনুদানের নগদ ৬০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নূর-ই-আলম সিদ্দিকী জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে সেসময় অভিযুক্ত কাউকে পাওয়া যায়নি। লিখিত অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।