সারাদেশ

রাষ্ট্রীয় মর্যাদায় বীরাঙ্গনা টেপরী রাণীর বিদায়: শোকাচ্ছন্ন পুরো গ্রাম

প্রিন্ট
রাষ্ট্রীয় মর্যাদায় বীরাঙ্গনা টেপরী রাণীর বিদায়: শোকাচ্ছন্ন পুরো গ্রাম

প্রকাশিত : ১৩ মে ২০২৬, সন্ধ্যা ৭:৪৬

একাত্তরে পরিবারের সদস্যদের জীবন বাঁচাতে নিজের সম্ভ্রম বিসর্জন দেওয়া বীরাঙ্গনা টেপরী রাণী (৭২) আর নেই। মঙ্গলবার (১২ মে) রাতে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বুধবার (১৩ মে) সকালে রাণীশংকৈল উপজেলার বলিদ্বারা গ্রামে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় এই সূর্যসন্তানের শেষকৃত্য সম্পন্ন হয়। এ সময় উপজেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়।

শেষকৃত্যানুষ্ঠানে রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা বেগম, থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম, স্থানীয় বীর মুক্তিযোদ্ধাসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাঁর মৃত্যুতে বলিদ্বারা গ্রামজুড়ে শোকের ছায়া নেমে আসে।

স্থানীয় সূত্র জানায়, ১৯৭১ সালে টেপরী রাণীর বয়স ছিল মাত্র ১৭ বছর। পরিবারের প্রাণ বাঁচাতে পাকিস্তানি বাহিনীর ক্যাম্পে টানা সাত মাস বন্দি থেকে অমানুষিক নির্যাতনের শিকার হন তিনি। দেশ স্বাধীনের পর অন্তঃসত্ত্বা অবস্থায় বাড়ি ফিরলে সমাজ তাঁকে আপন করে নেয়নি। সমাজের শত কটূক্তি ও গঞ্জনা সহ্য করে তিনি জন্ম দেন ছেলে সুধীর বর্মনের। দীর্ঘ অবহেলার পর অবশেষে ২০১৭ সালে তিনি রাষ্ট্রীয়ভাবে বীরাঙ্গনার স্বীকৃতি পান।

মায়ের স্মৃতিচারণ করে ভ্যানচালক ছেলে সুধীর বর্মন বলেন, আমাকে নিয়ে মাকে সমাজের অনেক অপমান সহ্য করতে হয়েছে। তবে ২০১৭ সালে বীরাঙ্গনার স্বীকৃতি পাওয়ার পর আমাদের জীবনে কিছুটা সম্মান ও স্বস্তি আসে। দেশের জন্য মায়ের এই ত্যাগ ভোলার নয়।

স্থানীয় বীর মুক্তিযোদ্ধা রিয়াজুল ইসলাম বলেন, টেপরী রাণী শুধু একজন বীরাঙ্গনা নন, তিনি আমাদের মুক্তিযুদ্ধের জীবন্ত ইতিহাস। ইউএনও খাদিজা বেগম জানান, দেশের জন্য তাঁর এই অসামান্য অবদান ও আত্মত্যাগ জাতি চিরদিন গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।