সারাদেশ

সোনারগাঁয়ে ব্যবসায়ীকে শ্বাসরোধে হত্যা

প্রিন্ট
সোনারগাঁয়ে ব্যবসায়ীকে শ্বাসরোধে হত্যা

প্রকাশিত : ১৪ মে ২০২৬, দুপুর ২:০৪

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নজরুল ইসলাম (৫২) নামে এক সুতা ব্যবসায়ীকে শ্বাসরোধে হত্যার ঘটনা ঘটেছে। নিহতের পরিবারের দাবি, ডাকাতি শেষে তাকে হত্যা করা হয়েছে। এ সময় ডাকাতদের মারধরে নিহতের স্ত্রী শাহানূর বেগমও আহত হন। তবে পুলিশের ধারণা, এটি নিছক ডাকাতির ঘটনা নয়, এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে থাকতে পারে।

গত বুধবার (১৩ মে) রাতে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের মুক্তিশপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম ওই গ্রামের গাজী মিয়ার ছেলে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন নিহতের স্ত্রী শাহানূর বেগম জানান, রাত সাড়ে ১২টার দিকে ৭ জনের একটি সশস্ত্র দল তাদের ঘরে প্রবেশ করে। তারা স্বামী-স্ত্রীকে দুটি আলাদা কক্ষে হাত-পা বেঁধে ৬০ হাজার টাকা ও ৫ ভরি স্বর্ণালংকার লুট করে। যাওয়ার সময় তাদের দুজনকে ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে ডাকাতরা। পরে তার চিৎকারে এলাকাবাসী জড়ো হয়ে নজরুলকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ নজরুলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এদিকে, নিহতের স্ত্রীর দেওয়া তথ্যের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য উজ্জ্বল নামে স্থানীয় এক যুবককে আটক করেছে পুলিশ।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সারোয়ার এবং নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক সাঈদ জানান, ঘটনাটি নিছক ডাকাতি নাকি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড, তা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। পুলিশ দুটি বিষয়কে সামনে রেখেই গুরুত্বের সঙ্গে তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।