সারাদেশ

ফতুল্লায় গ্যাস বিস্ফোরণ: বাবা ও তিন সন্তানের মৃত্যু : মায়ের অবস্থা আশঙ্কাজনক

প্রিন্ট
ফতুল্লায় গ্যাস বিস্ফোরণ: বাবা ও তিন সন্তানের মৃত্যু : মায়ের অবস্থা আশঙ্কাজনক

প্রকাশিত : ১৪ মে ২০২৬, রাত ৯:২৭

নারায়ণগঞ্জের ফতুল্লায় ফ্ল্যাটে জমে থাকা গ্যাস বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের পাঁচজনের মধ্যে চারজনেরই মর্মান্তিক মৃত্যু হয়েছে। সর্বশেষ বৃহস্পতিবার (১৪ মে) চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুসন্তানের মৃত্যু হয়েছে। পরিবারের পাঁচ সদস্যের মধ্যে কেবল মা এখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন।

চিকিৎসকরা জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল ৯টা ৪০ মিনিটে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যায় সাত বছরের শিশু মুন্না। এর মাত্র তিন ঘণ্টা পর দুপুর ১২টা ৫০ মিনিটে মারা যায় তার বড় বোন মুন্নি (১০)। তাদের দুজনের শরীরেই ৪০ শতাংশ করে পোড়া ক্ষত ছিল। এর আগে গত বুধবার সন্ধ্যা পৌনে ৭টায় মারা যায় আরেক বোন কথা (৭) এবং সোমবার সকালে মারা যান তাদের বাবা মো. কালাম (৩৫)।

বর্তমানে নিহত কালামের স্ত্রী সায়মা (৩২) শরীরের ৬০ শতাংশ পোড়া ক্ষত নিয়ে হাসপাতালে অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

উল্লেখ্য, গত ১০ মে সকালে ফতুল্লার ভূঁইগড় গিরিধারা এলাকার একটি ছয়তলা ভবনের নিচতলার ফ্ল্যাটে ভয়াবহ এই গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ওই দম্পতি ও তাদের তিন শিশুসন্তান মারাত্মকভাবে দগ্ধ হয়েছিলেন। এক সপ্তাহের ব্যবধানে একই পরিবারের চারজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।