সারাদেশ

রংপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

প্রিন্ট
রংপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

প্রকাশিত : ১৯ মে ২০২৬, সন্ধ্যা ৬:৩৯

উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিপাদ্যে রংপুরে শুরু হয়েছে দুই দিনব্যাপী ৪৭তম জেলা পর্যায়ের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ। সোমবার বিকেলে রংপুর জিলা স্কুল মাঠে বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় রংপুর জেলা প্রশাসন আয়োজিত এই মেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রজেক্ট নিয়ে ২৪টি স্টল স্থান পেয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী শিক্ষার্থীদের সৃজনশীলতা ও গবেষণায় মনোযোগী হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, শুধু অন্যের উদ্ভাবন অনুসরণ নয়, বরং নিজেদের চিন্তা দিয়ে নতুন কিছু আবিষ্কার করতে হবে।

এ সময় তিনি প্রযুক্তির অপব্যবহারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে অনলাইন জুয়া ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) নেতিবাচক প্রভাব থেকে সন্তানদের দূরে রাখতে এবং বিজ্ঞানচর্চা ও খেলাধুলায় সম্পৃক্ত করতে অভিভাবকদের আরও সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন এবং জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক। এ সময় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।