সারাদেশ

সিদ্ধিরগঞ্জে টাইগার মিলস মাঠে পশুর হাটের উদ্বোধন

প্রিন্ট
সিদ্ধিরগঞ্জে টাইগার মিলস মাঠে পশুর হাটের উদ্বোধন

প্রকাশিত : ২৩ মে ২০২৬, সন্ধ্যা ৭:৫২

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নাসিক ৪নং ওয়ার্ডের টাইগার মিলস মাঠে অস্থায়ী পশুর হাটের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৩ মে) বিকেলে হাটের প্রধান হাসিল ঘরে দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে এই হাটের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

যুবদল নেতা ও হাটের ইজারাদার মাহবুব হোসেনের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আলাউদ্দিন নুরী।

প্রধান অতিথির বক্তব্যে মনিরুল ইসলাম রবি বলেন, ব্যাপারীদের স্বার্থ রক্ষা এবং সাধারণ ক্রেতাদের জন্য সুন্দর ও নিরাপদ পরিবেশে কোরবানির পশু কেনার সুযোগ নিশ্চিত করাই এই হাটের মূল লক্ষ্য।

ইজারাদার মাহবুব হোসেন জানান, ক্রেতা-বিক্রেতাদের সার্বিক নিরাপত্তায় হাটে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। স্বেচ্ছাসেবক দলের টহল, যানজট নিরসনে আলাদা পার্কিং এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখতে পরিচ্ছন্নতা কার্যক্রমের ব্যবস্থা করা হয়েছে।

অনুষ্ঠানে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহসভাপতি সেলিম মাহমুদ, শ্রমিকদলের আহ্বায়ক টিএইচ তোফা, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক হাজী কবির হোসেন, বিএনপি নেতা মফিজুল হক, ইব্রাহিম, জয়নাল আবেদীন এবং ছাত্রদল নেতা আব্দুল কাদের জিলানী হীরাসহ স্থানীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন জেলা থেকে আসা গরুর ব্যাপারীরা উপস্থিত ছিলেন।