সারাদেশ

ফতুল্লায় মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

প্রিন্ট
ফতুল্লায় মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

প্রকাশিত : ২৪ মে ২০২৬, দুপুর ১:০৩

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মিসাইল আহম্মেদকে (২৮) গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। রবিবার (২৪ মে) ভোর ৪টার দিকে ফতুল্লার পাগলা ইসলামিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মিসাইল আহম্মেদ একই এলাকার মজনু আহম্মেদ ও কামরুন নাহারের ছেলে।

র‌্যাব-১১ এর অপারেশন অফিসার ক্যাপ্টেন রওনক এরফান খান জানান, ২০২৩ সালে ফতুল্লা থানায় দায়ের করা একটি মাদক মামলায় বিচার শেষে নারায়ণগঞ্জের স্পেশাল জজ আদালত মিসাইলকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায়ের পর থেকেই তিনি পলাতক ছিলেন। দীর্ঘ গোয়েন্দা নজরদারির পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত আসামিকে ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।