গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সম্প্রতি মহানগরীর তাজহাট থানাধীন আরশতপুর ঢাকাইয়া পাড়া এলাকায় মো. আলাউদ্দিন মিয়ার (৭০) বাড়িতে এই অভিযান চালায় আরপিএমপির গোয়েন্দা শাখা। সেখানে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল চানাচুর উৎপাদনের প্রাথমিক সত্যতা পেয়ে নিরাপদ খাদ্য অধিদপ্তরকে খবর দেওয়া হয়। পরে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে যৌথ অভিযান পরিচালিত হয়।
অভিযানে খাদ্য উৎপাদনে স্বাস্থ্যবিধি ও মান নিয়ন্ত্রণের চরম অবনতি এবং নানা অনিয়ম চিহ্নিত করা হয়। তবে প্রথমবারের মতো অপরাধ বিবেচনায় নিয়ে কারখানা মালিককে কঠোরভাবে সতর্ক করে দেওয়া হয় এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়।
আরপিএমপি সূত্র জানায়, পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদের নির্দেশনায় মহানগর এলাকায় ভেজাল খাদ্য উৎপাদন, মাদক, চুরি ও ছিনতাইসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে চলমান এ অভিযান অব্যাহত থাকবে।
নিরাপদ ও অপরাধমুক্ত মহানগর গড়তে যেকোনো অনিয়ম, অপরাধ ও জনস্বার্থবিরোধী কার্যক্রমের তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার জন্য নগরবাসীর প্রতি বিনীত আহ্বান জানিয়েছে আরপিএমপি।
মতামত