সারাদেশ

সিদ্ধিরগঞ্জে প্রবাসীর জমি দখলের চেষ্টা ও চাঁদাবাজির অভিযোগ

প্রিন্ট
সিদ্ধিরগঞ্জে প্রবাসীর জমি দখলের চেষ্টা ও চাঁদাবাজির অভিযোগ

প্রকাশিত : ২৪ মে ২০২৬, রাত ১১:১৪

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক প্রবাসীর জমি জোরপূর্বক দখলের চেষ্টা, প্রাণনাশের হুমকি ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে আর্শাদ আলী (৫৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী নুসরাত আনোয়ারা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে সিদ্ধিরগঞ্জের কদমতলী পুকুরপাড় এলাকায়।

কদমতলী এলাকায় ভুক্তভোগীর স্বামীর কেনা ৪.৫০ শতাংশ জমি দীর্ঘদিন ধরে দখলের পাঁয়তারা করছেন অভিযুক্ত আর্শাদ আলী ও তার ৩-৪ জন সহযোগী। সম্প্রতি পাশের জমিতে বালু ভরাটের অজুহাতে প্রবাসীর জমিতে বাঁশের বাউন্ডারি দেওয়া হয়। কাজ শেষে বাউন্ডারি সরিয়ে নেওয়ার কথা থাকলেও তারা তা সরায়নি।

গত ২৩ মে অভিযুক্তরা পুনরায় জমিতে বাঁশের সীমানা প্রাচীর নির্মাণ করতে গেলে ভুক্তভোগীরা বাধা দেন। এ সময় অভিযুক্তরা প্রবাসীর স্ত্রীকে প্রাণনাশের হুমকি দেয় এবং তার ভাইয়ের কাছে চাঁদা দাবি করে।

ভুক্তভোগী নুসরাত আনোয়ারা জানান, ২০০৪ সালে আর্শাদ আলী এই জমিতে কোনো অংশ পাবেন না মর্মে আদালতে এফিডেভিট করে লিখিত না-দাবি প্রদান করেছিলেন। তা সত্ত্বেও বর্তমানে অকিল উদ্দিন নামের এক ব্যক্তির ইন্ধনে তিনি অযৌক্তিকভাবে এই দখলচেষ্টা চালাচ্ছেন।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুম বিল্লাহ জানান, থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে জমির প্রকৃত মালিকানা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।