সারাদেশ

সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ ভারতীয় মাদক কারবারি গ্রেফতার

প্রিন্ট
সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ ভারতীয় মাদক কারবারি গ্রেফতার

প্রকাশিত : ২৬ মে ২০২৬, রাত ১২:৩০

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ৭৬০ পিস ইয়াবাসহ আব্দুল্লাহ হিল বাকি (২৩) নামে এক ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে র‌্যাব-১১। সোমবার (২৫ মে) রাতে চিটাগাংরোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আটক যুবক ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার বৈশকালা গ্রামের আবদুল কাশেমের ছেলে।

র‌্যাব-১১ এক বিজ্ঞপ্তিতে জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই যুবক নিজেকে সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে। সে মূলত ভ্রমণ ভিসায় ভারত থেকে বাংলাদেশে এসে কুমিল্লার বুড়িচংয়ে অবস্থান করত। জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সীমান্ত এলাকা থেকে সে মাদকের বড় চালান সংগ্রহ করত। এরপর অভিনব কৌশলে সেগুলো ঢাকা, নারায়ণগঞ্জসহ আশপাশের এলাকায় সরবরাহ করে পুনরায় নিজ দেশে ফিরে যেত।

এ ঘটনায় আটক ওই যুবকের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।