সারাদেশ

ঈদে অতিরিক্ত ভাড়া আদায়: নারায়ণগঞ্জে ৩ পরিবহনকে জরিমানা

প্রিন্ট
ঈদে অতিরিক্ত ভাড়া আদায়: নারায়ণগঞ্জে ৩ পরিবহনকে জরিমানা

প্রকাশিত : ২৬ মে ২০২৬, রাত ১০:১৫

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় এবং মূল্যতালিকা প্রদর্শন না করায় নারায়ণগঞ্জে তিনটি পরিবহনকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৬ মে) জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবিরের নির্দেশনায় এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিনের তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়।

সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেবযানী করের নেতৃত্বে আদমজী ইপিজেড, চিটাগাং রোড ও সাইনবোর্ড সংলগ্ন বাসস্ট্যান্ড এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় সড়ক পরিবহন আইন ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ডলফিন পরিবহন, ইকরা লাক্সারি পরিবহন ও শান্তি পরিবহনকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেবযানী কর বলেন, ঈদযাত্রায় যাত্রীরা যাতে কোনোভাবে হয়রানির শিকার না হন, সেজন্য আমরা নিয়মিত মনিটরিং করছি। অতিরিক্ত ভাড়া আদায় করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইউএনও এস এম ফয়েজ উদ্দিন জানান, সড়কে শৃঙ্খলা ফেরাতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। প্রতিটি বাস কাউন্টারে মূল্যতালিকা দৃশ্যমান রাখতে হবে এবং যাত্রীদের কাছ থেকে কোনোভাবেই বাড়তি ভাড়া নেওয়া যাবে না। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় পুরো জেলায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি যাত্রীদের সচেতন করতে মাইকিং ও লিফলেট বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।