সারাদেশ

সাঁথিয়ায় পুন্ডুরিয়া শান্তি সংঘ-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

প্রিন্ট
সাঁথিয়ায় পুন্ডুরিয়া শান্তি সংঘ-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

প্রকাশিত : ১ জুন ২০২৬, রাত ১০:০৯

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ পৃথিবী গড়ার লক্ষ্যে পাবনার সাঁথিয়া উপজেলায় অরাজনৈতিক সামাজিক সংগঠন পুন্ডুরিয়া শান্তি সংঘ-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

সংগঠনের সভাপতি শফিকুল ইসলামের নেতৃত্বে এবং সাধারণ সম্পাদক সোহেল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মনসুর সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় ঈদগাহ মাঠ কমিটির সদস্যবৃন্দ। কর্মসূচির আওতায় পুন্ডুরিয়া গ্রামের বিভিন্ন সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ প্রাঙ্গণ, খেলার মাঠসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এতে সংগঠনের সদস্যদের পাশাপাশি স্থানীয় যুবসমাজ ও সচেতন নাগরিকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

এ সময় আয়োজকরা বলেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্বাস্থ্যকর ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সবাইকে বেশি করে গাছ লাগানো এবং রোপণকৃত চারার সঠিক পরিচর্যায় এগিয়ে আসার আহ্বান জানান তারা।